মসজিদের জমিদাতার কবরের ওপরই মসজিদের লেট্রিন!

0
16

সিদ্দিক হোসেন, রৌমারী প্রতিনিধি কুড়িগ্রাম: রৌমারীতে একটি মসজিদের জমিদাতার কবরের ওপর লেট্রিন নির্মাণ করায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই জমিদাতার নাম আব্দুস সাত্তার মুন্সী। মৃত্যুর আগে তিনি ওই মসজিদেরই ইমাম ছিলেন। ঘটনাটি রৌমারী উপজেলার বাউশমারী জামে মসজিদের।

মসজিদের জমিদাতার কবরের ওপরই মসজিদের লেট্রিন!
মসজিদের জমিদাতার কবরের ওপরই মসজিদের লেট্রিন!

মসজিদের বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম আক্রশমূলক কবরের ওপর লেট্রিনটি নির্মাণ করেন বলে অভিযোগ করেছেন মৃত আব্দুস সাত্তারের ছেলে ফুল মিয়া (৬০)। তিনি জানান, প্রায় ৪০ বছর আগে আমার বাবা মারা যান। মৃত্যুর পর তার অসিয়ত অনুযায়ী তার নির্মিত মসজিদের পাশেই তাকে কবর দেয়া হয়। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রায় ১ বছর আগে মসজিদের লেট্রিনটি আমার বাবার কবরের ওপরই নির্মাণ করেন। এ সময় আমরা অনেক বাধা দিলেও কুলিয়ে উঠতে পারিনি তখন। তাই হাল ছেড়ে দিয়েছি।

আব্দুস সাত্তার মুন্সীর কবর খোদক নুর হোসেন জানান, মুন্সী সাহেব এ মসজিদে ৫ শতাংশ জমি দিয়ে মসজিদটি নির্মাণ করেন। আমরা তার কাছে কোরআন পড়া শিখেছি। আমি নিজ হাতে তার কবর খুড়েছি। অথচ সেই ভাল মানুষটার কবরের ওপরই মসজিদের লেট্রিন নির্মাণ করা হবে ভাবতে পারছি না।

একই কথা বলেন, মসজিদের সেক্রেটারী খোরশেদ আলমও। তিনি বলেন, আমি এটার সম্পূর্ণ বিরোধী ছিলাম। সভাপতি সাহেব জোর করেই লেট্রিনটি কবরের ওপর নির্মাণ করেছেন। এখন তো সমাজের মানুষ নানা সমালোচনা করছেন।

তবে সবকিছুই অস্বীকার করেছেন মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার। তিনি বলেন, যে জায়গাটাতে লেট্রিন নির্মাণ করা হয়েছে সেখানে কোনো কবর ছিল না। ওদের বাবা জমি মসজিদের নামে দিয়েছেন কিন্তু ওরা সেটা দিতে চাইছে না। সীমানা নিয়ে ইচ্ছাকৃতভাবে বিরোধ সৃষ্টি করে আসছে।#