স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি মাইক হাতে নিয়ে বললেন, ‘এই বাচ্চারা আজ চমৎকার অনুষ্ঠান করেছে।’ সামনের সারিতে যারা বসে আছেন তাদের কেউ কেউ দশম শ্রেণির শিক্ষার্থী, বয়স ষোলো-সতেরো। কেউ হয়তো কিশোরী ক্লাবের সভাপতি, কেউ বিতর্ক দলের নেতা, কেউ ঘূর্ণিঝড়ের সময় পরিবারের কাগজপত্র গুছিয়ে রাখার দায়িত্ব পালন করে এসেছে।

 

বক্তার কাছে শব্দটি স্নেহের। শ্রোতার কাছে সেটি সবসময় স্নেহের নাও হতে পারে। এই ব্যবধানটুকুই এ লেখার কেন্দ্রবিন্দু।

আমরা খাতা-কলমে, আইনে, নীতিতে, প্রকল্প-প্রতিবেদনে লিখি ‘শিশু’; কিন্তু মুখে বলার সময়, বিশেষ করে যখন একজন প্রাপ্তবয়স্ক কর্তাব্যক্তি মঞ্চ থেকে একদল কিশোর-কিশোরীর উদ্দেশে কথা বলেন, তখন বেরিয়ে আসে ‘বাচ্চারা’, ‘এই বাচ্চাগুলো’, ‘ছোট্ট সোনামণিরা’। লিখিত ভাষা তাদের অধিকারধারী নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়; কথ্য ভাষা তাদের অপরিণত, নির্ভরশীল ও সিদ্ধান্তহীন করে তোলে। একই প্রতিষ্ঠান, একই দিন, একই মানুষ—দুই রকম ভাষা।

 

এই লেখায় প্রশ্ন তিনটি। প্রথমত, ‘বাচ্চা’ শব্দটিতে এমন কী আছে যা ‘শিশু’ শব্দে নেই? দ্বিতীয়ত, সম্বোধনের ভাষা কি সত্যিই মানুষের আত্মধারণা ও অংশগ্রহণে প্রভাব ফেলে, নাকি এটি নিছক শব্দ নিয়ে অহেতুক স্পর্শকাতরতা? তৃতীয়ত, যদি প্রভাব থেকে থাকে, তাহলে আমরা ব্যবহারিকভাবে কী করতে পারি?

আগেই একটি কথা স্পষ্ট করা দরকার। এই লেখার উদ্দেশ্য ‘বাচ্চা’ শব্দটিকে নিষিদ্ধ ঘোষণা করা নয়। ভাষা-শুদ্ধিবাদ সাধারণত ব্যর্থ হয়, কারণ তা প্রেক্ষাপটকে অস্বীকার করে। উদ্দেশ্য বরং এটুকু দেখানো যে সম্বোধন একটি নিরপেক্ষ ঘটনা নয়—এটি ক্ষমতার সম্পর্ক প্রকাশ করে, আবার সেই সম্পর্ককে পুনরুৎপাদনও করে। মায়ের মুখে ‘বাচ্চা’ আর মঞ্চে মাইক হাতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে ‘বাচ্চা’ ভাষাতাত্ত্বিকভাবে এক শব্দ’ কিন্তু সামাজিকভাবে দুটি ভিন্ন ঘটনা।গুরুদাস ঢালীগুরুদাস ঢালী

দুটি শব্দের ইতিহাস আলাদা, এবং সেই ইতিহাসই তাদের বর্তমান অর্থভার নির্ধারণ করেছে। ‘শিশু’ এসেছে সংস্কৃত শিশু থেকে—তৎসম শব্দ, যা বাংলায় সাধু ও দাপ্তরিক রীতিতে প্রতিষ্ঠিত। ‘বাচ্চা’ এসেছে ফারসি থেকে, মধ্যযুগে ফারসি রাজভাষার মাধ্যমে বাংলায় ঢুকেছে, এবং শুরু থেকেই কথ্য ও ঘরোয়া স্তরের শব্দ।

ব্যুৎপত্তি নিজে কোনো দোষ নয়। বাংলা ভাষা ফারসি, আরবি, পর্তুগিজ ও ইংরেজি থেকে অসংখ্য শব্দ নিয়েছে এবং সেগুলো ভাষাকে সমৃদ্ধ করেছে। ‘বাচ্চা’ শব্দটি বাংলায় মানুষের সন্তান ও প্রাণীর শাবক—দুয়ের জন্যই ব্যবহৃত হয়। আমরা বলি গরুর বাচ্চা, কুকুরের বাচ্চা, পাখির বাচ্চা। ‘শিশু’ শব্দটি এভাবে ব্যবহৃত হয় না; আমরা ‘গরুর শিশু’ বলি না। অর্থাৎ ‘শিশু’ শব্দে একটি মানবিক নির্দিষ্টতা আছে যা ‘বাচ্চা’ শব্দে নেই।

এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো গালিতে শব্দটির উপস্থিতি। বাংলায় সবচেয়ে প্রচলিত অশ্লীল গালিগুলোর একটি বড় অংশ ‘বাচ্চা’ শব্দটিকে ভিত্তি করে গঠিত। শিশু-কিশোররা এই প্রয়োগ শোনে, চেনে, এবং শব্দটির সঙ্গে তাদের মানসিক অনুষঙ্গ শুধু স্নেহের থাকে না। একজন কিশোরী যখন মঞ্চ থেকে নিজেকে ‘বাচ্চা’ সম্বোধিত হতে শোনে, তখন শব্দটির সব স্তর একসঙ্গে সক্রিয় হয় ঘনিষ্ঠতার স্তর, শাবক-অর্থের স্তর, এবং অবমাননার স্তর। এর সঙ্গে যুক্ত হয় ‘বাচ্চামি’, ‘বাচ্চা ছেলে’, ‘বাচ্চাদের মতো করছ’—এই বাগ্ধারাগুলোর সবগুলোই অপরিণততা বোঝায়। ‘শিশুসুলভ’ শব্দেও এই অর্থ আছে, কিন্তু তার মাত্রা ভিন্ন এবং প্রয়োগ অনেক কম। ফলে ‘বাচ্চা’ শব্দটি যখন কারও উদ্দেশে ব্যবহৃত হয়, তখন ব্যাকরণগতভাবে সেটি বয়স নির্দেশ করলেও ব্যবহারিকভাবে প্রায়ই সামর্থ্য নির্দেশ করে—অর্থাৎ ‘এরা এখনো বোঝার বয়সে পৌঁছায়নি’। লক্ষণীয় যে, বাংলায় একই বয়সসীমার জন্য আরও সূক্ষ্ম শব্দভান্ডার আছে: শিশু, বালক-বালিকা, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছেলেমেয়ে, শিক্ষার্থী। ভাষার দারিদ্র্য আমাদের সমস্যা নয়; শব্দ বাছাইয়ের অভ্যাস আমাদের সমস্যা।

 

রাষ্ট্রের লিখিত ভাষা এই প্রশ্নে অনেক আগেই অবস্থান নিয়েছে। বাংলাদেশের শিশু আইন-২০১৩ আঠারো বছরের কম বয়সী প্রত্যেক ব্যক্তিকে ‘শিশু’ হিসেবে সংজ্ঞায়িত করেছে। জাতীয় শিশু নীতি, ২০১১-তেও একই পরিভাষা ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ ১৯৯০ খ্রিষ্টাব্দ জাতিসংঘের শিশু অধিকার সনদে অনুসমর্থন দিয়েছে, এবং সনদের বাংলা পাঠেও শব্দটি ‘শিশু’।

এই নির্বাচন আকস্মিক নয়। আইনের ভাষায় ‘শিশু’ একটি অধিকারধারী সত্তা—যার মতপ্রকাশের অধিকার আছে (সনদের ১২ অনুচ্ছেদ), যার সর্বোত্তম স্বার্থ সব সিদ্ধান্তে বিবেচ্য (৩ অনুচ্ছেদ), এবং যার মর্যাদা রাষ্ট্রের সুরক্ষার আওতাভুক্ত। ‘বাচ্চা’ শব্দটি এই অর্থভার বহন করতে পারে না, কারণ তাতে নির্ভরশীলতার অনুষঙ্গ প্রবল এবং কর্তৃত্বের অনুষঙ্গ অনুপস্থিত।

সনদের ১২ অনুচ্ছেদটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। এটি বলে, শিশুকে তার নিজের বিষয়ে মতপ্রকাশের সুযোগ দিতে হবে এবং সেই মতকে তার বয়স ও পরিণতি অনুযায়ী যথাযথ গুরুত্ব দিতে হবে। লক্ষ করুন, বাক্যটির দ্বিতীয় অংশই মূল—শুধু বলতে দেওয়া নয়, গুরুত্ব দেওয়া। আর যে ভাষায় আমরা কাউকে সম্বোধন করি, সেই ভাষাই আগেভাগে ঘোষণা করে দেয় তার কথাকে আমরা কতটা গুরুত্ব দেব।

সমস্যাটা তাই দ্বৈত ভাষার। প্রকল্প প্রস্তাবে লেখা হয় ‘শিশু অংশগ্রহণ নিশ্চিত করা হবে’; অথচ সেই প্রকল্পেরই অবহিতকরণ সভায় বলা হয় ‘বাচ্চাদের একটু বসিয়ে রাখেন, বড়দের আলোচনা শেষ হোক’। নথি এক কথা বলে, আচরণ আরেক কথা। শিশু-অধিকারের ভাষায় একে বলা যায় আনুষ্ঠানিক স্বীকৃতি ও বাস্তব চর্চার ফারাক—আর সম্বোধন সেই ফারাকের সবচেয়ে দৃশ্যমান চিহ্নগুলোর একটি।

উল্লেখ্য, আইনের ‘শিশু’ সংজ্ঞাটিও সমালোচনামুক্ত নয়। আঠারো বছরের একজন তরুণী এবং পাঁচ বছরের একটি মেয়ে—দুজনকেই এক শব্দে ধরা হচ্ছে। প্রশ্নটি তাই শুধু ‘বাচ্চা বনাম শিশু’ নয়; প্রশ্নটি হলো আমরা বয়সভেদে যথাযথ শব্দ ব্যবহার করছি কি না। ষোলো বছরের শিক্ষার্থীকে ‘শিশু’ বলাও প্রায়ই বেমানান; সেখানে ‘কিশোর-কিশোরী’ বা ‘শিক্ষার্থী’ অনেক বেশি সঠিক।

ভাষা কি ভাবনা গড়ে? একটি সংযত পাঠ, এই প্রশ্নে অতিরঞ্জন দুই দিকেই আছে, তাই সতর্ক থাকা দরকার। বিশ শতকের মাঝামাঝি এডওয়ার্ড সাপির ও বেঞ্জামিন লি হোর্ফের নামে পরিচিত ভাষাতাত্ত্বিক আপেক্ষিকতা তত্ত্বের কঠোর সংস্করণটি বলত, ভাষা চিন্তাকে নির্ধারণ করে—যে ধারণার শব্দ নেই, সেই ধারণা ভাবাই যায় না। এই কঠোর সংস্করণ আজ আর গৃহীত নয়; গবেষণায় এর সমর্থন মেলেনি।

কিন্তু তত্ত্বের দুর্বল সংস্করণটি যথেষ্ট পরীক্ষামূলক সমর্থন পেয়েছে। ভাষা চিন্তাকে নির্ধারণ করে না, কিন্তু চিন্তাকে প্রভাবিত করে, বিশেষ করে মনোযোগ ও শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে। লেরা বোরোদিৎস্কি ও অন্যান্য জ্ঞানীয় ভাষাবিজ্ঞানীর কাজ দেখিয়েছে, ভাষাভেদে স্থান, সময়, রং ও কার্যকারণ সম্পর্কে মানুষের উপলব্ধিতে পরিমাপযোগ্য পার্থক্য তৈরি হয়।

সামাজিক মনোবিজ্ঞানে এই প্রভাব আরও স্পষ্ট। একই ঘটনার বর্ণনায় ভিন্ন শব্দ ব্যবহার করলে শ্রোতার বিচার বদলে যায়—এটি ফ্রেমিং অ্যাফেক্ট হিসেবে বহুবার প্রমাণিত। ড্যানিয়েল কানেমান ও অ্যামোস টভারস্কির গবেষণা দেখিয়েছে, একই পরিসংখ্যান ‘বেঁচে যাবে’ বা ‘মারা যাবে’ ভাষায় উপস্থাপন করলে মানুষের সিদ্ধান্ত পাল্টে যায়।

এখানেই সম্বোধনের প্রশ্নটি দাঁড়ায়। ‘বাচ্চা’ বললেই কোনো শিশু অপরিণত হয়ে যায় না, এই দাবি অযৌক্তিক হবে; কিন্তু একটি সমাবেশে বারবার ‘বাচ্চা’ শব্দটি ব্যবহৃত হলে তা উপস্থিত প্রাপ্তবয়স্কদের মনোযোগকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে: এরা শোনার জন্য এসেছে, বলার জন্য নয়। শব্দটি শ্রোতার প্রত্যাশা গড়ে, আর প্রত্যাশা আচরণ গড়ে।

অর্থাৎ যুক্তিটি ভাষাগত নির্ধারণবাদ নয়, বরং ক্রমসঞ্চয়। একটি শব্দ সামান্য; হাজারবার, সব মঞ্চে, সব সভায়, সব প্রতিবেদনে একই শব্দ সামান্য নয়।

সম্বোধন কখনো নিরপেক্ষ নয়—এটি সমাজভাষাবিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত সিদ্ধান্ত। ১৯৬০ খ্রিষ্টাব্দ রজার ব্রাউন ও অ্যালবার্ট গিলম্যান তাদের বিখ্যাত প্রবন্ধ তে দেখান যে ইউরোপীয় ভাষাগুলোর সর্বনাম-ব্যবস্থা দুটি অক্ষে চলে: ক্ষমতা ও সংহতি। ক্ষমতার অক্ষে সম্বোধন অসম—ঊর্ধ্বতন-অধস্তনকে ঘনিষ্ঠ রূপে ডাকেন, অধস্তন ঊর্ধ্বতনকে সম্মানসূচক রূপে। সংহতির অক্ষে সম্বোধন পারস্পরিক ও সমান।

বাংলা ভাষায় এই কাঠামো তিন স্তরে বিস্তৃত: তুই, তুমি, আপনি। একজন প্রাপ্তবয়স্ক শিশুকে ‘তুমি’ বা ‘তুই’ বলেন, শিশু তাকে ‘আপনি’ বলে। এটি অ-পারস্পরিক সম্বোধন—ব্রাউন ও গিলম্যানের ভাষায় ক্ষমতা-সম্পর্কের সরাসরি ভাষিক প্রকাশ।

তাহলে ‘বাচ্চা’ শব্দটি করে কী? এটি নামবাচক স্তরে সেই একই অসমতা পুনরায় উচ্চারণ করে। নাম ধরে ডাকা, ‘শিক্ষার্থীরা’ বলা, বা ‘তোমরা’ বলা—এগুলো সম্বোধিতকে একটি সুনির্দিষ্ট ভূমিকায় স্থাপন করে। ‘বাচ্চারা’ তাকে স্থাপন করে শুধু একটি বয়স-শ্রেণিতে, এবং সেই শ্রেণির প্রধান বৈশিষ্ট্য হলো সিদ্ধান্তহীনতা।

পিয়ের বুর্দিয়ু তার ভাষা এবং প্রতিকি ক্ষমতা (১৯৯১) গ্রন্থে দেখিয়েছেন, ভাষা শুধু ভাব বিনিময়ের মাধ্যম নয়, প্রতীকী পুঁজি। কে কোন ভাষায় কথা বলতে পারে, কার ভাষা ‘শুদ্ধ’ বলে গণ্য হয়, কে কাকে কোন নামে ডাকতে পারে—এসবই সামাজিক অবস্থানের ফল এবং একই সঙ্গে সেই অবস্থান টিকিয়ে রাখার উপায়। বুর্দিয়ুর প্রতীকী সহিংসতা ধারণাটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক: এটি এমন আধিপত্য যা শিকারের নিজের স্বীকৃতির মধ্য দিয়েই কার্যকর হয়। অর্থাৎ শিশু নিজেই যখন মেনে নেয় যে তার মতো এখনো শোনার মতো নয়, তখনই আধিপত্য সম্পূর্ণ হয়।

মিশেল ফুকোর বয়ান-তত্ত্ব আরেকটি স্তর যোগ করে। ফুকোর মতে ক্ষমতা কেবল নিষেধাজ্ঞার মধ্য দিয়ে চলে না; এটি চলে শ্রেণিবিন্যাস, নামকরণ ও সংজ্ঞায়নের মধ্য দিয়ে। কাকে ‘অপরিণত’ বলে চিহ্নিত করা হচ্ছে, সেই চিহ্নায়ন নিজেই একটি ক্ষমতার কাজ—কারণ তা নির্ধারণ করে, কার কথা প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে, আর কার কথা কেবল আদুরে উচ্চারণ হিসেবে শোনা হবে।

ভদ্রতা, মুখরক্ষা ও ‘পৃষ্ঠপোষক ভাষা’ স্নেহ থেকে বলা কথাও অসম্মানজনক হতে পারে—এই আপাত-বিরোধটিই এই অংশের বিষয়। আরভিং গফম্যান দেখিয়েছিলেন, প্রতিটি সামাজিক মিথস্ক্রিয়ায় মানুষ একটি মুখ রক্ষা করে চলে, অর্থাৎ নিজের সম্পর্কে একটি স্বীকৃত সামাজিক ভাবমূর্তি। পেনেলোপ ব্রাউন ও স্টিফেন লেভিনসন তাদের পোলাইটনেস (১৯৮৭) গ্রন্থে এই ধারণাকে বিস্তৃত করে দুই ধরনের মুখের কথা বলেন: ইতিবাচক মুখ (গৃহীত ও সমাদৃত হওয়ার চাহিদা) এবং নেতিবাচক মুখ (স্বায়ত্তশাসন ও অনধিকার-হস্তক্ষেপহীনতার চাহিদা)।

কিশোর-কিশোরীর নেতিবাচক মুখের চাহিদা বিশেষভাবে প্রবল, কারণ এই বয়সেই স্বাধীন সত্তার দাবি জোরালো হয়। ‘বাচ্চা’ সম্বোধন ইতিবাচক মুখকে স্পর্শ করে (আদর বোঝায়) কিন্তু নেতিবাচক মুখকে আঘাত করে (স্বায়ত্তশাসন অস্বীকার করে)। ফলে বক্তা যা সদিচ্ছা হিসেবে পাঠান, শ্রোতা তা অনেক সময় মুখ-আঘাতকারী কাজ হিসেবে গ্রহণ করেন।

হাওয়ার্ড জাইলসের যোগাযোগ-অভিযোজন তত্ত্ব এই প্রক্রিয়াটিকে আরও নিখুঁতভাবে ব্যাখ্যা করে। মানুষ কথা বলার সময় শ্রোতার সঙ্গে ভাষা মেলাতে চায়; কিন্তু যখন সেই মেলানো প্রয়োজনের অতিরিক্ত হয়—অর্থাৎ শ্রোতাকে যতটা অক্ষম ভাবা হচ্ছে সে আসলে ততটা নয়—তখন তৈরি হয় অতি-অভিযোজন। সুর উঁচু হয়, বাক্য ছোট হয়, শব্দ সরল হয়, আদুরে সম্বোধন বাড়ে।

এর সবচেয়ে ভালো গবেষণাভিত্তিক সমান্তরাল হলো বয়স্কদের উদ্দেশে ব্যবহৃত শিশুসুলভ ভাষা। স্বাস্থ্যসেবা-প্রতিষ্ঠানে প্রবীণদের সুইটি, ডিয়ার, গুড গার্ল, বলে সম্বোধনের প্রভাব নিয়ে ক্রিস্টিন উইলিয়ামস, বেকা লেভি ও অন্যান্য গবেষকের কাজ ধারাবাহিকভাবে দেখিয়েছে: এই ভাষা শ্রোতার আত্মমর্যাদা হ্রাস করে, প্রতিরোধমূলক আচরণ বাড়ায়, এবং সহযোগিতা কমায়। লেভির গবেষণা আরও দেখায়, বার্ধক্য সম্পর্কে নেতিবাচক ধারণার সংস্পর্শ প্রবীণদের স্মৃতি ও কর্মসম্পাদনের পরিমাপযোগ্য অবনতি ঘটাতে পারে।

যুক্তিটি সরাসরি স্থানান্তরযোগ্য। যে কারণে একজন সত্তর বছরের মানুষকে ‘সোনা’ বলা অসম্মানজনক, প্রায় সেই কারণেই একজন ষোলো বছরের শিক্ষার্থীকে প্রকাশ্য সভায় ‘বাচ্চা’ বলা অসম্মানজনক হতে পারে। দুই ক্ষেত্রেই বক্তার অভিপ্রায় স্নেহ; কিন্তু বার্তাটি হলো: তোমার সামর্থ্য আমি তোমার প্রকৃত সামর্থ্যের চেয়ে কম ধরে নিচ্ছি।

লেবেল, প্রত্যাশা ও আত্মধারণায় প্রাপ্তবয়স্কের প্রত্যাশা শিশুর প্রকৃত কর্মসম্পাদন বদলে দিতে পারে—শিক্ষা-মনোবিজ্ঞানের অন্যতম পুনরাবৃত্ত ফল এটি। ১৯৬৮ খ্রিষ্টাব্দ, রবার্ট রোজেনথাল ও লিনোর জেকবসনের পায়েগমেলিঅন ইন দি ক্লাসরুম- গবেষণায় শিক্ষকদের জানানো হয়েছিল কিছু শিক্ষার্থী আসন্ন সময়ে বিশেষ অগ্রগতি দেখাবে, যদিও তাদের বেছে নেওয়া হয়েছিল এলোমেলোভাবে। বছর শেষে সেই শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছিল। পরবর্তী গবেষণায় প্রভাবের মাত্রা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু প্রত্যাশা-প্রভাবের অস্তিত্ব নিয়ে মোটামুটি ঐকমত্য আছে।

রবার্ট কে. মার্টন একে বলেছিলেন স্বয়ংসিদ্ধ ভবিষ্যদ্বাণী একটি ভুল সংজ্ঞা এমন আচরণ তৈরি করে যা শেষে সেই সংজ্ঞাকেই সত্য করে তোলে। যদি ধরে নেওয়া হয় কিশোরীরা সিদ্ধান্ত নিতে পারে না, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না; সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা না থাকায় তারা দক্ষতাও অর্জন করে না; ফলে প্রাথমিক ধারণাটি ‘প্রমাণিত’ হয়।

শৈশবকে কীভাবে দেখা হবে, গত চার দশকে সেই দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে বদলেছে। প্রচলিত উন্নয়ন-মনোবিজ্ঞানের ধারা শিশুকে দেখত একটি অসম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হিসেবে—যে ধাপে ধাপে পূর্ণতার দিকে এগোচ্ছে। এই দৃষ্টিভঙ্গিতে শিশুর বর্তমান অবস্থার মূল্য গৌণ; মূল্যবান হলো সে ভবিষ্যতে কী হবে।

আশির দশকের শেষ থেকে অ্যালিসন জেমস ও অ্যালান প্রাউটের নেতৃত্বে গড়ে ওঠা শৈশবের নতুন সমাজতত্ত্ব এই অবস্থানকে চ্যালেঞ্জ করে। তাদের কন্সট্রাকশন এবং রিকন্সট্রাকশান (১৯৯০) গ্রন্থের কেন্দ্রীয় প্রস্তাব দুটি। এক, শৈশব জৈবিক ধ্রুবক নয়, বরং সামাজিকভাবে নির্মিত একটি শ্রেণি—ভিন্ন সমাজে ও ভিন্ন সময়ে এর সীমা ভিন্ন। দুই, শিশুরা কেবল ভবিষ্যতের প্রাপ্তবয়স্ক নয়, বর্তমানের পূর্ণ সামাজিক কর্তা।

এই দ্বিতীয় প্রস্তাবটি শিশুর কর্তাসত্তা ধারণার ভিত্তি। শিশুরা পরিবারের অর্থনীতিতে অবদান রাখে, ছোট ভাইবোনের দেখাশোনা করে, দুর্যোগে পরিবারকে সতর্ক করে, গৃহস্থালির শ্রম দেয়। বাংলাদেশের উপকূলে এটি তত্ত্ব নয়, দৈনন্দিন বাস্তবতা—কিশোরীরা পানি সংগ্রহ করে, জলোচ্ছ্বাসের আগে মালামাল সরায়, পরিবারের নথিপত্র সুরক্ষিত রাখে।

সম্বোধনের প্রশ্নটি এখানে এসে মেলে। ‘বাচ্চা’ শব্দটি ভাষাগতভাবে একটা শব্দ: এটি বলে, তুমি এখনো হয়ে ওঠোনি। ‘শিক্ষার্থী’, ‘কিশোরী’, ‘অংশগ্রহণকারী’—এগুলো এগুলো বর্তমান ভূমিকা ও অবদান নির্দেশ করে। এই পার্থক্য নিছক আলংকারিক নয়, কারণ যাকে আমরা ‘এখনো হয়ে ওঠেনি’ বলে ভাবি, তার কাছে আমরা মতামতও চাই না।

স্পষ্ট করে বলা দরকার, শিশুকে কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ তার সুরক্ষার দায়িত্ব কমিয়ে দেওয়া নয়। সুরক্ষা ও কর্তাসত্তা পরস্পরবিরোধী নয়, পরিপূরক। বরং যে শিশু নিজেকে কর্তা হিসেবে গণ্য হতে দেখে, সে নির্যাতনের ঘটনা জানাতেও বেশি সক্ষম হয়—যা সেফগার্ডিংয়েরই অংশ।

বাংলাদেশে এই ভাষিক অভ্যাসটি চারটি পরিসরে সবচেয়ে স্পষ্ট।

বিদ্যালয়ের অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী, দিবস উদযাপন—এসব আয়োজনে অতিথির বক্তৃতায় ‘বাচ্চারা’ শব্দটি প্রায় স্থায়ী। অথচ একই মঞ্চে দাঁড়িয়ে একজন শিক্ষার্থী হয়তো স্বাগত ভাষণ দিয়েছে, উপস্থাপনা করেছে, বা প্রতিবেদন পড়েছে। সম্বোধনটি তার সেই ভূমিকাকেই মুছে দেয়।

উন্নয়ন কর্মসূচি ও এনজিও সভা। কিশোরী ক্লাব, শিশু ফোরাম, ইয়ুথ গ্রুপ—এগুলোর গঠনতন্ত্রে লেখা থাকে সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে; কিন্তু সভায় প্রায়ই শোনা যায় ‘বাচ্চাদের দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়ে নেন’—যেখানে ক্রিয়াপদটিই (‘করিয়ে নেওয়া’) কর্তাসত্তাকে অস্বীকার করে। উপকূলীয় এলাকায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক দলগুলোতে এই দ্বৈততা বিশেষভাবে দৃশ্যমান: প্রতিবেদনে তারা ‘পরিবর্তনের কর্মী’, সভায় তারা ‘বাচ্চা’।

গণমাধ্যম। সংবাদ শিরোনামে শিশু-সংক্রান্ত খবরে শব্দ ব্যবহার অসংগত। অপরাধের শিকার হলে ‘শিশু’, অপরাধে জড়িত থাকলে অনেক সময় ‘কিশোর গ্যাং’, আর সাফল্যের খবরে ‘খুদে বিজ্ঞানী’, ‘খুদে প্রতিভা’। শেষোক্ত বিশেষণগুলোও মনোযোগের দাবি রাখে—‘খুদে’ শব্দটি প্রশংসার ভেতরে অপরিণততার ইঙ্গিত রেখে দেয়।

পরিবার ও প্রতিবেশ। এখানেই শব্দটির সবচেয়ে বৈধ ব্যবহার, কারণ সম্পর্কটি ঘনিষ্ঠ ও পারস্পরিক। তবে এখানেও একটি সীমা আছে: পরিবারের ভেতরে ‘ও তো বাচ্চা, ও কী বুঝবে’ বাক্যটি দিয়েই বহু কিশোরীর বিয়ের সিদ্ধান্ত তার অনুপস্থিতিতে নেওয়া হয়। অর্থাৎ ঘরোয়া স্নেহের শব্দটিও কাঠামোগত অস্বীকৃতির হাতিয়ার হয়ে উঠতে পারে।

একটি পর্যবেক্ষণ এখানে জরুরি। এই লেখায় উল্লিখিত প্রবণতাগুলো অভিজ্ঞতাভিত্তিক পর্যবেক্ষণ, কোনো জরিপের ফল নয়। বাংলাদেশে শিশু-সম্বোধনের ভাষা নিয়ে পদ্ধতিগত গবেষণা কার্যত নেই—এটি নিজেই একটি গবেষণা-ঘাটতি এবং সম্ভাব্য গবেষণার ক্ষেত্র।

‘বাচ্চা’ কি সবসময়ই অবমাননাকর? না, এবং এই স্বীকৃতিটুকু ছাড়া আলোচনাটি অসৎ হয়ে যায়। অন্তত চারটি শক্ত পাল্টা যুক্তি আছে।

প্রেক্ষাপট অর্থ নির্ধারণ করে। সমাজভাষাবিজ্ঞানে রেজিস্টার ধারণাটি বলে, একই শব্দ ভিন্ন পরিসরে ভিন্ন কাজ করে। মা সন্তানকে ‘বাচ্চা’ বললে সেখানে ক্ষমতার অসমতা থাকলেও তা ঘনিষ্ঠতা ও যত্নের কাঠামোর ভেতরে। মঞ্চে অপরিচিত কর্মকর্তার মুখে একই শব্দে সেই কাঠামো অনুপস্থিত। ফলে শব্দটি নয়, শব্দ-প্রেক্ষাপট-বক্তা এই ত্রয়ীই বিচার্য।

বয়সভেদে শব্দটি সঠিক হতে পারে। চার বছরের একটি শিশুকে ‘বাচ্চা’ বলা বাস্তবসম্মত এবং আপত্তিকর নয়। সমস্যা তৈরি হয় যখন একই শব্দ ষোলো বছরের শিক্ষার্থীর উপর প্রয়োগ করা হয়। অর্থাৎ ভুলটি শব্দের নয়, শব্দ ও বয়সের অমিলের।

ভাষা-শুদ্ধিবাদের ফাঁদ আছে। কোনো শব্দ নিষিদ্ধ করলে সাধারণত দুটি ঘটনা ঘটে: মানুষ সতর্ক হওয়ার বদলে বিরক্ত হয়, এবং পুরোনো মনোভাব নতুন শব্দে স্থানান্তরিত হয়। ‘বাচ্চা’ বাদ দিয়ে ‘শিশু’ বললেও যদি একই অবজ্ঞার সুরে বলা হয়, তাহলে কিছুই বদলায়নি। ইউফেমিজম ট্রেডমিল নামে পরিচিত এই প্রবণতা ভাষা-সংস্কারের একটি পরিচিত সীমাবদ্ধতা।

শ্রেণিগত প্রশ্ন আছে। ‘শিশু’ একটি তৎসম, শিক্ষিত-মধ্যবিত্ত রেজিস্টারের শব্দ। গ্রামীণ বা শ্রমজীবী পরিসরে স্বাভাবিক কথ্যরূপ ‘বাচ্চা’ বা ‘ছেলেমেয়ে’। সম্বোধনের মানদণ্ড যদি তৎসম শব্দ হয়, তাহলে সেটি অজান্তেই একটি শ্রেণিগত ভাষা-শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে—যা বুর্দিয়ুর প্রতীকী আধিপত্যেরই আরেক রূপ।

লেখক: বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত।