বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যখন সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দমুখর আয়োজন চলছে, তখন আমাদের প্রিয় কুড়িগ্রাম সরকারি কলেজে তেমন কোনো সাংস্কৃতিক আয়োজন না থাকাটা সত্যিই অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত করার মতো বিষয়।

আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্রছাত্রী পরিবারের অনেকেই বিষয়টি নিয়ে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন। অনেকেই আমাকে এ বিষয়ে লেখার অনুরোধ করেছেন। তাই নিজের অনুভূতি থেকেই কয়েকটি কথা তুলে ধরলাম।

অন্যদিকে, রংপুর সরকারি কলেজের ছোট আপু মল্লিকা রায় মৌমিতা ‘দুহাতে মুঠো ভরে না’ গানটি অসাধারণভাবে পরিবেশন করে ইতোমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর কণ্ঠের মাধুর্য, গায়কির সৌন্দর্য ও অসাধারণ পরিবেশনা সত্যিই মুগ্ধ করার মতো। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা।

অন্যের সাফল্যে আমরা আনন্দিত, অন্যের প্রতিভায় আমরা মুগ্ধ। কিন্তু আমাদেরও প্রত্যাশা, আমাদের কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এমন সাংস্কৃতিক আয়োজনের সুযোগ তৈরি হোক।

আমাদের কলেজেও গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সৃজনশীলতার চর্চায় প্রাণবন্ত হয়ে উঠুক ক্যাম্পাস। শিক্ষার্থীরা পাক নিজেদের প্রতিভা প্রকাশের উপযুক্ত মঞ্চ।

কলেজ প্রশাসনের প্রতি বিনীত আহ্বান থাকবে আমাদের প্রিয় কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আপনাদের সঠিক দিকনির্দেশনা, আন্তরিক সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে পারে। আমরা বিশ্বাস করি, প্রশাসনের সদিচ্ছা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কলেজেও একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে।

আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না, আমরা শুধু আমাদের প্রিয় কলেজেও সাংস্কৃতিক চর্চার সুন্দর পরিবেশ দেখতে চাই। কুড়িগ্রাম সরকারি কলেজের সাংস্কৃতিক জাগরণ হোক এটাই আমাদের প্রত্যাশা।

জাকারিয়া খাঁন মুরাদ
সাধারণ সম্পাদক
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব