দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে এই বিভাগে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হলো।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ২১ হাজার ৬২৩ শিশুর।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু।