উত্তর সীমান্তে আতংক ও উত্তেজনা! বিএসএফ’র গুলিতে বাংলাদেশি জোড়া লাশ 

0
11

রাসেল মাহমুদ, পাটগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী সীমান্তে ভারতীয় বিএসএফের আগ্রাসী মনোভাবের কারণে সামান্য ঘটনাতেই একের পর এক মায়ের বুক খালি হচ্ছে।

উত্তর সীমান্তে আতংক ও উত্তেজনা! বিএসএফ'র গুলিতে বাংলাদেশি জোড়া লাশ 
উত্তর সীমান্তে আতংক ও উত্তেজনা! বিএসএফ’র গুলিতে বাংলাদেশি জোড়া লাশ

পাখির মত গুলি করে মানুষ মেরে পতাকা বৈঠকে ভুল স্বীকার করে বারবার দুঃখ প্রকাশ ও প্রতিশ্রুতি দিলেও আবারও উত্তর সীমান্তে বুড়িমারী -চ্যাংরাবান্ধা এলাকায় বিএসএফ’র গুলিতে ঝড়ে গেল দু’টি তাজা প্রাণ। রোববার ভোররাতে ওই সীমান্তে বাংলাদেশি দুই যুবক নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।মেইন পিলার ৮৪৩/৪৪ এলাকায় রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।নিহত দু’জনের একজন বুড়িমারীর বাসিন্দা হলেও অপরজন নীলফামারী জেলার জলঢাকা ডালিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি ও এলাকাবাসী জানান, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন কলাবাগান ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা বুলবুলের বড় ছেলে ইউনুস আলী (৩০) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ডালিয়া এলাকার বনেবর চন্দ্রের ছেলে সাগর চন্দ্র( ৩২) সহ কয়েকজন যুবক রোববার রাতে সীমান্তে গরু আনতে যান।

ভারতীয় কোচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের পূর্ব-উত্তর দিকে ধরলা নদীর ধারে বিএসএফ টহল দলের কয়েক রাউন্ড গুলিতে নিহত হন ২ জন ও ১ জন আহত হন। দুপুর ১ টা ১০ মিনিটের দিকে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ বিএসএফের উপস্থিতিতে নিহতদের লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।
এ সময় আহত এক যুবককেও উদ্ধার করে ভারতীয় পুলিশ। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের ৩০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। অথচ ঘটনাস্থল থেকে প্রায় আধ কিলোমিটার দূরে রংপুর -৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি সদর বিওপি’র অবস্থান হলেও কোন পাল্টা জবাব দেননি বিজিবি।

তিস্তা ২ (রংপুর ৬১) বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর নুর উদ্দিন গোয়েন্দাদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন বলে দাবী করলেও নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হতে পারেননি বলে জানান। তিনি আরও জানান, রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে সীমান্তে গুলির ৩টি শব্দ শোনা গেছে। প্রকৃত ঘটনা জানার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনার পর থেকে ওই সীমান্তে সাধারণ জনগণের মাঝে আতংক ও সীমান্ত উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানান।