
লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তার দিয়ে শেয়াল মারা ফাঁদ পেতে ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বিরেন রায় (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়য়েছে।

আজ রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।নিহত বিরেন রায় (৩৭) দক্ষিণ গোতামারী গ্রামের মৃত মনোরনঞ্জন রায়ের ছেলে। সে গত চার বছর ধরে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, ওই গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী বিরেন রায় শেয়াল ও চুরি রুখতে প্রতি রাতে চারদিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতে বাড়ি ফিরেন। রোববার সকালে পোল্ট্রি ফার্মে এসে বিদ্যুতের সংযোগ না খুলে অসাবধানবশতঃ তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।





