কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নেয়া মিলন মিয়া (২৫) নামে গুলিবিদ্ধ এক ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে ফেরত দিয়েছে বিজিবি।
রোববার সন্ধ্যায় ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ৯৪৬ এর ৩ এস পিলারের পাশে আহত ওই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হতান্তর করা হয়।
গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে নানার বাড়িতে আত্ম গোপনে চিকিৎসা নেয় মিলন। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। উন্নত চিকিৎসায় যুবকটি আশঙ্কামুক্ত।
হস্তান্তর কালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, অনন্তপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার, নাগেশ্বরী থানার ওসি রওশন কবির। ভারতীয় ১৯২ ব্যাটেলিয়ানের এসি নিতিশ কুমার প্রমুখ।







মন্তব্য করুন