

তপন কুমার সরকার, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
বিজয়ের ৫০বছর ও মুজিবশতবর্ষ উপলক্ষে ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ উপকেন্দ্রের এক ব্যতিক্রমী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আইইবির নওগাঁ উপকেন্দ্রের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আত্রাই উপজেলার পতিসর কুঠিবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রকৌশলীদের অংশগ্রহনে শনিবার দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। জেলার সকল দপ্তরের প্রকৌশলীগন তাদের পরিবারসহ এই মিলন মেলায় অংশগ্রহণ করেন। মেলায় প্রকৌশলীগন ও তাদের পরিবারের সকল সদস্যরা বিভিন্ন খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। করোনা ভাইরাসের প্রকোট কাটিয়ে দীর্ঘদিন পর প্রকৌশলীদের এমন মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে পতিসরের কুঠিবাড়ি প্রাঙ্গন। প্রথম মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে প্রকৌশলীগন ও তাদের পরিবারের সদস্যরা অনেক খুশি। যান্ত্রিক জীবনের ব্যস্ততার গন্ডি পেরিয়ে মাঝে মধ্যে এমন বৈচিত্র্যপূর্ন আয়োজন যেন প্রতিবছরই করা হয় এমনটি প্রত্যাশা করেছেন মিলন মেলায় অংশ নেওয়া সকল সদস্যবৃন্দ। আইইবি নওগাঁ উপকেন্দ্রের চেয়ারম্যান ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, নওগাঁ জেলার প্রকৌশলীরা সুসংগঠিত ।তারা শুধু প্রকৌশল বিদ্যায় নয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল বিষয়ে পারদর্শি। একঘেয়েমী কর্মময় জীবনে পুরো পরিবারসহ এমন বিনোদনের প্রয়োজন অনেক। বিনোদন ছাড়া কোন মানুষই বাঁচতে পারে না। মাঝে মধ্যে এমন আয়োজন প্রকৌশলীদের ভালো কাজে আরো অনুপ্রেরণা যোগাবে। এমন আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে আইইবি নওগাঁ উপকেন্দ্র আরও সমৃদ্ধ হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্র-তে বিজয়ী প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আইইবি নওগাঁ উপকেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন রকমের উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে সমাপ্ত হয় প্রকৌশলীদের প্রথম মিলন মেলা।





