

আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের চাঁদা কালেক্টর সুখময় চাকমা, ওরফে মানস চাকমা কে আটক করা হয়েছে।
আটককৃত সন্ত্রাসীকে বাঘাইহাট আর্মি ক্যাম্পে আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি ইউপিডিএফ (মূল) এর সাজেক মাসালং এলাকার চীফ কালেক্টর এবং তিনি সাজেক থানায় গত ১৫ মার্চ ২০১৫ইং তারিখ ইউপিডিএফ (মূল) কর্তৃক বাবুছড়া অভিমুখে পদযাত্রা চলাকালীন সময় নিরাপত্তা বাহিনীর উপর হামলার অন্যতম প্রধান আসামি।
সেনাবাহিনী সূত্র জানায়, ৬ মার্চ রবিবার দুইটিলা আর্মি ক্যাম্পস্থ ৯ কিঃমিঃ পাড়া নামক এলাকা থেকে ফুলঝাড়ু ব্যবসায়ীর নিকট চাঁদা আদায়ের সময় সুকময় চাকমা (মানস) (৫২), কে আটক করা হয়।
পরবর্তীতে উক্ত চাঁদাবাজকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। তার কাছ থেকে বাটন মোবাইল ০২টি, চাঁদা আদায়ের রশিদ বই ০১টি ও নগদ টাকা জব্দ করা হয়।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে সেনাবাহিনী আসামীকে থানায় হস্তান্তর করেছে। এখন মামলার প্রস্তুতি চলছে।





