চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির পাশের পাকা রাস্তার ধারে খেলার সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় তানহা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের ত্রিমনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ওই গ্রামের আবু তালেবের মেয়ে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পাকা রাস্তার ধারে খেলছিল তানহা। এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী একটি লাটাহাম্বার শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক রুকাইয়া খাতুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, লাটাহাম্বারের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।