খুশবু

 

কখনো যদি ভালোবাসার অধিকার নিয়ে

আমি তোমার সামনে দাঁড়াই,

তাহলে কি তুমি আমাকে অবহেলা করবে?

চোখ সরিয়ে নিবে কি আমার চোখ থেকে?

 

শখ করে যদি তোমাকে একটা ঘড়ি

কিংবা একটা কলম কিনে দেই,

তাহলে কি ঘড়িটা হাতে পরবে না?

কলমটা কি রাখবে না বুকের বা পাশে?

 

ইচ্ছা করে যদি তোমার হাতটা ধরে

নতুন কোনো পথে চলতে চাই,

তাহলে কি অভিমান করে হাতটা সরিয়ে নিবে?

রাগে ভ্রু কুঁচকে তাকাবে কি আমার দিকে?

 

কখনো যদি আমি তোমাকে

আমার মনের রাজ্যে আসতে বলি,

তাহলে কি তুমি ব্যস্ততা দেখাবে?

না আসার অজুহাত দিবে কি এটা-ওটা?

 

হাজারো কষ্ট বুকে নিয়ে আমি যদি

তোমার আগে মরে যাই,

তবেও কি আসবে না শেষবারের মতো দেখতে?

আমার কবরের উপর এক মুঠো মাটি দিতে?