টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেট পড়তে গিয়ে ৯ বছর বয়সী এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সবুজকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক সবুজ মৈশামূড়া বাজারে ফটোকপির দোকানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে ওই শিশু শিক্ষকের দোকানে প্রাইভেট পড়তে যায়। নির্ধারিত সময় পার হলেও মেয়ে বাড়ি না ফেরায় তার মা দোকানে খোঁজ নিতে যান। সেখানে দোকানের শাটার বন্ধ পেয়ে তা খুলে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে শিশুটি জানায়, ভয়ভীতি দেখিয়ে শিক্ষক তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। ঘটনার পর স্থানীয়রা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত সোমবারও মির্জাপুরে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের অভিযোগ ওঠে। পরপর এমন ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







মন্তব্য করুন