
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অগ্নিকাণ্ডে একটি রাইস মিলের গুদামঘরসহ গরু-ছাগল,হাঁস-মুরগী,কবুতর,মটরসাইকেল,ধান-চাল পুরে ভস্মিভূত হয়ে গেছে। এ সময় শয়ন ঘর থেকে মালপত্র বের করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে জেসমিন আকতার (৪০) এবং হারুনূর রশিদ (২৮) নামে দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার হরিশপুর গ্রামে আবুল কালাম আজাদের রাইস মিলে।
মিল মালিক আবুল কালাম আজাদের ছোট ভাই হারুনুর রশিদ জানান,সোমবার রাত আনুমানিক ১১টা নাগাদ হঠাৎ করেই রাইস মিলে আগুন লাগে। মহুর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ভাই আজাদ ও প্রতিবেশিদের আত্মচিৎকারে আগুন নিভানোর জন্য এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় আগুনের গতি বৃদ্ধি পেতে থাকলে স্থানীয়রা রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এরইমধ্যে ওই গুদাম ঘরে থাকা ১টি গরু, ৬টি ছাগল,১২০টি কবুতর,২০টি বিভিন্ন জাতের হাঁস,২৫মন ধান,৮মন চাল,একটি মটর সাইকেল,দুইটি বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। এ সময় ওই গুদামঘর থেকে মালপত্র বের করতে গিয়ে আজাদের স্ত্রী এবং ছোট ভাই আহত হয়। তাদের কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এতে প্রায় ৭/৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হারুনুর রশিদ।
উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,রাতে খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ছুটে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।





