দাবী’ নওগাঁয় পিকেএসএফ প্রতিনিধির উপস্থিতিতে তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রশিক্ষণ বিষয়ক অগ্রগতি আলোচনা সভা

0
21

‘তরুণ উদ্যোক্তা নির্বাচন ও ঋণ বিতরণে প্রযুক্তি নির্ভর উদ্যোগকে প্রাধান্য দিতে’ বিগত ৩০ জানুয়ারী ২০২৪ ইং তারিখে পিকেএসএফ হতে আগত রেইজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার জনাব মোঃ জহিরুল ইসলাম এর উপস্থিতিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্পের অগ্রগতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী পরিচালক জনাব আশরাফুন নাহার-এর সভাপতিত্বে ফোকাল পার্সন জনাব মোঃ মনিরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সংস্থার রেইজ প্রকল্পের সকল শাখা, অঞ্চল ও জোন ব্যবস্থাপক, প্রকল্প টিম ও হেড অফিসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পিকেএসএফ প্রতিনিধি বলেন, তরুণ উদ্যোক্তাগণকে নিম্নমানের প্রযুক্তির ফাঁদ হতে বের করে এনে নতুন উদ্ভাবনীমূলক ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে সম্পৃক্তকরণ করতে হবে। এ লক্ষ্যে প্রকল্পের আওতায় বরাদ্ধকৃত প্রত্যেক তরুণ উদ্যোক্তাগণকে ‘ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ’ প্রদান করতে হবে। শুধু তাই নয়, প্রকৃত উদ্যোগ পরিচালনাকারীকেই প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তাগণ যেন কোন ধরণের ঝামেলা ছাড়াই তাদের লেনদেন করতে পারেন তার জন্য উদ্যোক্তাগণকে ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেমে উদ্বুদ্ধ করা এবং সফল উদ্যোক্তগণকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করার জন্য শাখা পর্যায়ে সদস্যদের সাথে নিবিড়ভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি তরুণ উদ্যোক্তাদের দ্রুততার সাথে অর্থায়নের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমাধানকল্পে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
পরিচালক-এমএফ ও প্রকল্পের ফোকাল পার্সন জনাব মোঃ মনিরুজ্জামান চৌধুরী বলেন, প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রত্যেক তরুণ উদ্যোক্তার ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেম যেমন; ব্যাংক হিসাব বিকাশ/নগদ ইত্যাদি নিশ্চিতকরণ সহ সকল প্রকার আর্থিক লেনদেন সদস্যের নিজ নামে মোবাইল ফাইন্যান্সিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হচ্ছে। লেনদেনের স্বচ্ছতার স্বার্থে ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেম চালু করার জন্য পিকেএসএফ ও বিশ্বব্যাংক-কে ধন্যবাদ জানান।
নির্বাহী পরিচালক জনাব আশরাফুন নাহার বলেন, অনেক সম্ভাবনাময় তরুণ আমাদের দেশে আছেন যারা শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা, ব্যবসায়িক জ্ঞান ও পুঁজির অভাবে উদ্যোগ গ্রহণ করতে পারছেন না। তাদেরকে একত্র করে প্রশিক্ষণ ও পুঁজি সরবরাহ করে সফল উদ্যোক্তা তৈরী করা সম্ভব। আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ প্রক্রিয়ায় তরুণদের অর্থায়ন ও প্রশিক্ষণ করানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পরিশেষে পিকেএসএফ ও বিশ্বব্যাংক প্রতিনিধির সাম্প্রতিক পরিদর্শনোত্তর সংস্থার কাজের ভূয়সি প্রশংসার জন্য নির্বাহী পরিচালক পিকেএসএফ ও রেইজ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।