
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরা জেলার মহম্মদপুরে মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ছেলে তামিম (১৩) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

এর আগের দিন শিশুটির মা রিনা আক্তার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।
নির্মম এই ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা মহেশপুর গ্রামে।
ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থি তামিম ওই গ্রামের সাহা মোল্যার ছেলে।
প্রতিবেশিরা জানায়, আর্থিক টানাপোড়েনের কারণে সাহা মোল্যার পরিবারে অশান্তি লেগে ছিল। এর জের ধরে শনিবার সকালে তার স্ত্রী রিনা আকতার বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। বর্তমানে সে বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। এ বিষয়টি শিশুটির মনে আঘাত করে।
এ অবস্থায় মায়ের আত্মহত্যা অপচেষ্টা এবং বিদ্যামান পারিবারিক কলহের জেরে রবিবার দুপুরে পরিবারের অন্যান্যদের অগোচরে শিশু তামিম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস বলেন, পরিবারের সম্মতিতে লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।





