
সজীব, রূপসা প্রতিনিধি:
করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান ১৪ দিনের লকডাউনে রূপসা ঘাট পারাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। অপ্রয়োজনে কেউ যাতে ঘাট পার হতে না পারে তা বাস্তবায়নে ২8জুলাই সকাল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এদিন দুপুর পর্যন্ত ৬টি মামলায় ৮জন আসামীকে এক হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। জরুরী ক্ষেত্রে এঘাটে চালু রাখা দু’টি ট্রলার যোগে বিধিনিষেধ অমান্য করে জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই পারাপার হতে থাকে। এমতাবস্থায় সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ’র নেতৃত্বে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নেয়। অকারণে ঘাট পারাপারের লক্ষ্যে আসা ব্যক্তিদের ফিরিয়ে দেয়া হয় নিজ ঠিকানায়। যারা কোন কারণ দেখাতে পারছেনা তাদের করা হয় জরিমানা। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিল্যান্ডের নাজির মো. নুরুল ইসলাম, পূর্ব রূপসা বাসষ্ট্যান্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ইসলামসহ পুলিশ সদস্যরা। রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে। সে আলোকে ব্যস্ততম পূর্ব রূপসা ঘাটে জরুরী প্রয়োজনে চালু রাখা ট্রলার যোগে রোগী এবং তার সজনদের মধ্যে একজন পার হতে পারবে। এছাড়া স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীসহ করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন তাদের পারাপারেও বাধা নেই। তবে অপ্রয়োজনে যারা ঘাট পারাপারসহ বিধি নিষেধ অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে





