নৃত্যময় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬-এর ‘ক’ গ্রুপে একক লোকনৃত্যে চ্যাম্পিয়ন হয়ে ‘সেরার সেরা’ স্বর্ণপদক অর্জন করেছে শেরপুরের সাত বছর বয়সী শিশু আর জেড রংধনু। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সেরা হয়ে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে সে।
রংধনু বগুড়ার শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র। শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকার চিকিৎসক দম্পতি ডা. মনিরুজ্জামান স্বপন ও ডা. রাফসানা জাহান দীপার ছেলে রংধনু। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত মা ডা. রাফসানা জাহান দীপা। তিনি বলেন, ‘আমি নিজেও ছোটবেলায় নাচ করতাম। সেই ভালোবাসা থেকেই ছেলেকে নাচ শেখানোর স্বপ্ন জাগে। এত অল্প বয়সে জাতীয় পর্যায়ে এই অর্জন সত্যিই অভিভূত করার মতো। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’
নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে সাত বছরের রংধনু মুচকি হেসে বলে, ‘আমি বড় হয়ে নামকরা নৃত্যশিল্পী আর সার্জন ডাক্তার হতে চাই।’ রংধনুর এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকের দিকনির্দেশনার কথা উল্লেখ করেছে সে। তার ভাষায়, বাবা-মা ও শিক্ষকের অসামান্য দিকনির্দেশনার কারণেই সে এই পদক পেয়েছে।
মাত্র সাত বছর বয়সেই জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় সেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে রংধনু। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।







মন্তব্য করুন