রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজস্থলী থানার এসআই নুরজামান জানান, রাঙ্গুনিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।