রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে অপহরণের দুই দিন পর সাত বছরের শিশু নুসরাত জাহানকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত থাকার অভিযোগে যুথী আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে শিশুটি অপহৃত হয়।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে শিশুটিকে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ওই ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি পুলিশের নিজস্ব সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওসি জানান, শিশুটিকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় সে পড়ে গিয়ে সামান্য আহত হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তার যুথী আক্তারকে আগামীকাল রোববার আদালতে হাজির করা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অপহরণের কারণ জানা যাবে।

পুলিশ জানায়, অপহরণের পর দুই দিনেও শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়নি। এ ঘটনায় শুক্রবার কাফরুল থানায় জিডি করেন শিশুটির স্বজনেরা। সিসিটিভি ফুটেজে সালোয়ার-কামিজ পরা এক নারীকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। পরে তারা একটি রিকশায় ওঠেন। একের পর এক ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে আগারগাঁও পর্যন্ত রিকশাটির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযুক্ত নারীর সর্বশেষ অবস্থান শনাক্ত করে শরীয়তপুরে অভিযান চালায় পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন।