শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম আর নেই। শুক্রবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমিরুল ইসলামের জানাজা ও দাফনের সময় ও স্থান নির্ধারণ করা হয়নি। তার পরিবার ও দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম।