
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। বুধবার (৭ জুলাই) সকালে কাশিপুর বিওপির হাবিলদার মাসুদের নেতৃত্বে ০৪ জন পুরুষ ০৪ জন মহিলা ও ০৪ জন শিশুসহ মোট ১২ জন বাংলাদেশী ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ শেষে দালালের মাধ্যমে আন্তর্জাতিক পিলার নং ৯৪২ এর ৪ এসএ-র নিকট দিয়ে পার হয়ে বাংলাদেশে আসার পথে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন , কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিন্যাবাড়ী গাগলা এলাকার, মৃত দেলোয়ার হোসেনের ছেলে আঃ জলিল (৫৫), আঃ জলিলের স্ত্রী লিলিফা বেগম (৪৫), ছেলে লিমন মিয়া (১২), মেয়ে আফরিনা (০৮), নাগেশ্বরী কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৬), আনজু বেগম (৩০), সুখাতী বোর্ডঘরের মৃত রুবেল হোসেনের মেয়ে রুবিনা (০৫), কুটি বামনডাঙ্গার মৃত আঃ হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮), হাফিজুর রহমান এর স্ত্রী আনিচা বেগম (৩২), মেয়ে হামিদা (৮), ছেলে রমজান আলী (৩), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে, জাকির হোসেন ( ২২)। তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক ১২ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে পাসপোর্ট আদেশ আইনে মামলা হয়েছে। অপরাধ ও শিশু বিবেচনায় আটক পাঁচ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু বান্ধব কর্মকতার উপস্থিতিতে লিখিত জিম্মা নামায় তাদের অভিভাবকদের সাক্ষর নিয়ে হস্তান্তরের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।





