নিখোঁজ সালেহ আহমেদের হদিস পাওয়া যায়নি এখনো

0
14

সময়ের পাতা ডেস্ক:

নালায় পড়ে যাওয়া ছালেহ আহমেদকে (৫৫) নয় ঘণ্টার চেষ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান সমাপ্ত করে ফিরে গেছে ফায়ার সার্ভিস। এদিকে ছালেহ আহমেদ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ছালেহ আহমেদের বাড়ি চট্টগ্রামের পটিয়ার মনসার টেক এলাকায়। নগরের চকবাজারে তিনি সবজির ব্যবসা করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দরবার শরীফে যাচ্ছিলেন। বাস ধরতে পাঁচলাইশ থানার মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এলে হঠাৎ করে পড়ে যান একটি নালায়। তীব্র স্রোতে মুহূর্তেই তলিয়ে যান। ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ও রেসকিউ টিমের ছয় সদস্য নয় ঘণ্টা চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি নিখোঁজ ছালেহ আহমদকে।

জলাবদ্ধতার নির্মম বলি হওয়া এ সবজি ব্যবসায়ীর ভাগ্যে কী ঘটেছে, তা জানতে বৃহস্পতিবার ফের অভিযানে নামবে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, নিখোঁজ সালেহ আহমেদের সন্ধানে বহদ্দারহাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তার হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার পুনরায় তল্লাশি চালানো হবে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যায়। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

ঘটনাস্থল থেকে ছালেহ আহমেদের ছেলে মাহিন জানান, তার বাবা চকবাজারে সবজি বিক্রি করেন। সকালে মাইজভাণ্ডার দরবার শরীফে যেতে বের হন তিনি। এরমধ্যেই তিনি হঠাৎ করে নালায় পড়ে তলিয়ে যান। বাবার কোনো হদিস না পেয়ে দিকবিদিক ছুটোছুটি করতে দেখা যায় মাহিনকে।