
অনলাইন ডেস্ক:
বগুড়ায় সনাতন ধর্মাম্বলী এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করে দুই বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বগুড়া শহরের জহুরুল নগর এলাকা তেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাকিবুল ইসলাম রাকিব জেলার শেরপুর উপজেলার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। আজ বুধবার দুপুরে বগুড়া সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। ওই নারী বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা।
বগুড়া সদর থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে ওই নারীর সঙ্গে পরিচয় হয় রাকিবের। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে দুই বছর আগে ওই নারীসহ রাকিব স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় ভাড়া বাসা ওঠেন। এর মধ্যে ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। ভাড়া বাসায় তারা দুই বছর ধরে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করছিলেন।
বিয়ের প্রলোভনে ওই নারীর সঙ্গে শারীরিক মেলামেশা করতে থাকেন রাকিব। বিয়ের দাবি করায় রাকিব ওই নারীর সঙ্গে টালবাহানা শুরু করেন। গতকাল বিকেলে ওই বাসায় এসে পুণরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন। বিয়ের কথা বললে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাকিব পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়িওয়ালা ও স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির জানান, বগুড়া সদর থানা পুলিশ খবর পেয়ে গতকাল রাতেই ওই নারী ও অভিযুক্ত রাকিবকে আটক করে নিয়ে আসে। পরে ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।





