ইউনিয়ন পরিষদে ডেকে এনে নারীকে ধর্ষণের অভিযোগ

0
12

সময়ের পাতা ডেস্ক:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদে ডেকে এনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ওই ভুক্তভোগী নারী হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত বাবু লেছড়াগঞ্জ ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক সন্তানের জননী ওই নারীর সঙ্গে আবুল কালাম আজাদ বাবু প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত মে মাসের ২৯ তারিখ বিকেলে বাবু মোবাইল ফোনে ওই নারীকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতিতে বাবু তাকে বিভিন্নস্থানে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বাবুর বিয়ের আশ্বাসে ওই নারী তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাবু দুই মাসের গর্ভের সন্তান নষ্ট করতে বলে। না হলে গৃহবধূর চার বছর বয়সী ছেলে সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় সে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম সোনা মিয়া বলেন, ‌‘ছেলেটা প্রায় দশ বছর ধরে মোটরসাইকেলে আমাকে আনা নেওয়া করে। আমার জানামতে সে খারাপ না। স্থানীয়দের মুখে এ বিষয়টি আমি শুনেছি। তদন্তে দোষী প্রমাণিত হলে তার শাস্তি সে ভোগ করবে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।