
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিধি নিষেধ বাস্তবায়ন করতে তল্লাশি অব্যাহত রেখেছে থানা পুলিশ। লকডাউনের তৃতীয় দিন রোববার সকাল থেকে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, আত্রাই সেতুর দুই পার্শে, বেইলি ব্রিজের নিচে, নতুন বাজার, তুলা পট্টি, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করতে দেখা গেছে। বিভিন্ন এলাকায় গিয়ে সকালে লোকজন চোখে না পরলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন অজুহাতে সমাগম ও জানবাহন বাড়তে দেখা গেছে। এসময় বিভিন্ন এলাকা হতে প্রয়োজন ছাড়া ঘুরতে আসা তিনটি মটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যেতে দেখা গেছে। একইসাথে পাঁচটি মটর সাইকেলকে মামলা দেওয়া হয়েছে। সেইসাথে উপজেলার আট ইউনিয়নে বিট পুলিশে দায়িত্বরত এস আইদের নেতৃত্বে চেকপোষ্ট বসিয়ে জিজ্ঞাসা এবং জানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার খবর পাওয়া গেছে। অভিযানে অপ্রয়োজনে ও মাস্ক ছাড়া বাড়ীর বাহিরে বের না হতে এবং জরুরী প্রয়োজনে বেরুতে পরিচয় পত্র সাথে রাখতে বলা হচ্ছে। আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর হার কমিয়ে আনতে সরকারী নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েই গেছে। এ সময় সকলকে নিয়মিত মাস্ক পড়ার আহবান জানান তিনি।





