

এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধি:
২৪শে অক্টোবর ২০২১। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,৪৯৭ জন। পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সারাদেশের মোট ২৮টি কেন্দ্রে। আজ ২৪ অক্টোবর দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বি ইউনিটের পরিক্ষা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ময়মনসিংহ থেকে ত্রিশালে এবং ত্রিশাল থেকে জাককানইবিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে জাককানইবি কেন্দ্রে। কিন্তু ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী এবং অভিভাবকদের গুনতে হচ্ছে বেশি ভাড়া। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী শাহজামানের সাথে সাক্ষাৎকারে জানা যায়, “ময়মনসিংহ থেকে ত্রিশাল পর্যন্ত মাহেন্দ্র টেম্পুতে ৪০ থেকে ৫০ টাকা করে নিচ্ছে, যেখানে সাধারণ ভাড়া ২৫ থেকে ৩০ টাকা”; একই অভিযোগ করেছেন ময়মনসিংহ থেকে ভর্তিপরীক্ষা দিতে আসা শিহাবুল আলম। অভিভাবকরা জানান, ত্রিশাল থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে আসার সাধারণ ভাড়া রিকশার ৩০ টাকা, কিন্তু বেশকিছু রিকশাচালক ৪০ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন। ভ্যান বা অটোতে সচরাচর ১৫ টাকা ভাড়া হলেও সেটা ক্ষেত্রবিশেষে ২০ টাকা করে নেওয়া হচ্ছে”। এ নিয়ে ভাড়া বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধানকে জিজ্ঞাসা করলে জানান, ” এই ব্যাপারে আমরা অবগত ছিলাম না, অবগত থাকলে তড়িৎ ব্যবস্থা নিতাম; ভবিষ্যতে এসব ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শুরু হয়েছিলো ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। করোনাকালীন মহামারীর পর প্রায় ১ বছর পর শুরু হয়েছিলো নতুন নিয়মে এডমিশন টেস্ট।





