জাককানইবিতে সফলভাবে শেষ হলো এ-ইউনিটের ভর্তি পরীক্ষা

0
12

এরশাদ আবির, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯০ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১২৩টি কক্ষে এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭ হাজার ৬ শত ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ৯ শত ১৪ জন পরীক্ষার্থী।এবং অনুপস্থিতের সংখ্যা ৭৭৪ জন।
ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় ভিজিল্যান্স উপ কমিটির সদস্য মাননীয় ট্রেজারার প্রফেসর ডঃ জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, হিসাববিজ্ঞান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুশাররাত শবনম,কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গুচ্ছপদ্ধতির এই ভর্তি পরীক্ষায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে এবং দেশব্যাপী একযোগে মোট ২৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
এ ইউনিটে ভর্তি পরিক্ষা দিতে আসা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা শাহরিয়ার কবির জানান, “জাককানইবিতে পরিক্ষা দিতে এসে অনেক ভালো লাগছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সহযোগিতা করছে”। একজন অভিভাবক জানান, “শিক্ষার্থীবান্ধব একটি পরিবেশ সৃষ্টি করার জন্য শিক্ষার্থীদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা সবধরনের সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে”
উল্লেখ্য, ইউনিট-বি (মানবিক) এর ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর (দুপুর ১২টা থেকে-১টা), ইউনিট-সি (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর (দুপুর ১২টা থেকে-১টা) অনুষ্ঠিত হবে।