
শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি:
ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন শিথিলের পর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আজ শুক্রবার (২৩ জুলাই) ভোর ছয়টা থেকে সারা দেশের সাথে মহম্মদপুরে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে বিধিনিষেধ। এর আগে গত ১৩ জুলাই দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ থেকে শুরু হওয়া ১৪ দিনের এই বিধিনিষেধকে ‘সবচেয়ে কঠোরতম’ হিসেবে অভিহিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল। তিনি এ বিধিনিষেধ বাস্তবায়নে সবার সহযোগিতা চান। বিধিনিষেধ চলাকালে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না। এসব বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে আছে সেনাবাহিনী।





