
রাজীব প্রধান,গাজীপুর ঃ-গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিয়ােগপ্রাপ্ত ৩৭ তম বিসিএস ( আনসার ) কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে গাজীপুরের সফিপুরে আনসার – ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খােন্দকার ফরিদ হাসান ও একাডেমির কমান্ড্যান্ট মােঃ মাহবুব উল ইসলামসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নবনিয়ােগপ্রাপ্ত মােট ০৭ ( সাত ) জন বিসিএস ( আনসার ) কর্মকর্তা দীর্ঘ ১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খােলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথির সাথে একাডেমির কমান্ড্যান্ট ও প্যারেড কমান্ডার উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ ৭ ( সাত ) সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করেন । এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান প্রধান অতিথি।
শেষে প্রধান অতিথি তিনজন কৃতি প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ কৱেন। সহকারি পরিচালক নাজমুছ সালেহীন নূর শ্রেষ্ঠ ড্রিল , সহকারি পরিচালক মােঃ সুজন মিয়া শ্রেষ্ঠ ফায়ারার এবং সহকারি পরিচালক মােঃ জাহাঙ্গীর আলম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে এ পুরস্কার অর্জন করেন।





