
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্বশত্রুতার জের ধরে আবদুল্লাহ আল আকাশ লাদেন ( ১৪) নামে দশম শ্রেনীর মেধাবী ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আরও একজন গুরুতর জখম হয়েছে।
নিহত ও আহত দুজন সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে। এ ঘটনায় সুমন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (৯ মার্চ) রাত ১১টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে বাড়ির পাশে দক্ষিণ পিরিজপুর এলাকায় গ্রামীণ মেলায় যান ওই গ্রামের লাদেন ও তার চাচাতো ভাই সজিব রানা। মেলায় প্রবেশের পরই দুই যুবক তাদের ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুজন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান লাদেন।
ঘটনার পর আশপাশের লোকজন সুমন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর জন পালিয়ে যায়। সুমন একই উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র।
পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাজিতপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িত অপর যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





