
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আজ ৫ এপ্রিল (সোমবার) দেশব্যাপী দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনে অনীহা থাকায় পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৭ জন ব্যাক্তিকে মোট ৭২,৬০০/- (বাহাত্তর হাজার ছয়শত টাকা) জরিমানা করা হয়। জেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সমেত আজ সকাল থেকেই মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। যথাযথ স্বাস্থ্যবিধি পালনে জনগণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল (শনিবার) দুপুরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে দেশব্যাপী দ্বিতীয় দফায় লকডাউন পুনর্বহাল করার সিদ্বান্তের কথা জানান।





