
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশার টাকা না দেয়ায় মাকে বটি-দা দিয়ে কুঁপিয়ে জখম করেছে নেশাগ্রস্ত ছেলে। এদিন সন্ধ্যার দিকে ঘাতক মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। আহত সায়েরা বেগম উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, রবিবার বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া(২৫) তার মা সায়েরা বেগমের(৪৫) কাছে মাদক কেনার জন্য টাকা চায়।
মাসুদের মা টাকা দিতে না চাইলে প্রথমে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে মাসুদকে ঘর থেকে বের করে দিতে চাইলে প্রথম দিকে সে তার মাকে মারধর শুরু করে। এ সময় ঘরে থাকা একটি বটি-দা দিয়ে মাসুদ তার মাকে এলোপাতাড়ি কুঁপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় সায়েরাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত সায়েরা বলেন, তার ছেলে মাসুদ মিয়া মাদকের টাকার জন্য প্রতিদিন অত্যাচার করতেন।
এ অত্যাচার থেকে বাঁচার জন্য খুব কষ্ট করে মাসুদকে টাকা জোগাড় করে দিতেন। আজকে টাকা দিতে পারেনি বলে প্রথমে ঘরের কাপর-চোপরে আগুন লাগিয়ে দেয়। পরে মাসুদ ক্ষিপ্ত হয়ে বটি-দা দিয়ে কুঁপিয়ে তাকে জখম করে। এ ঘটনায় স্থানীয় লোকজন মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে নবীনগর থানায় নিয়ে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সায়েরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘাটক মাসুদকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।





