ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭-তে। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মৃত দুই শিশুরই বয়স ১০ মাস। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এর মধ্যে মেয়েশিশুটির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং ছেলেশিশুটির বাড়ি বাজিতপুর উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেয়েশিশুটি বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয়। অন্যদিকে, ছেলেশিশুটি রোববার সকাল পৌনে ১১টায় হাসপাতালে ভর্তি হয়। বুধবার ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়।

বর্তমানে হাসপাতালটিতে হাম ও এর উপসর্গ নিয়ে ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৫৭ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬০ জন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে হাম ও এর উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তির প্রবণতা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ১৮১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৯২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর মারা গেছে ৮৭ শিশু।