যশোরের অভয়নগরে ভৈরব নদে বড় ভাইয়ের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে চার বছরের শিশু জুনায়েদ গাজী। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জুনায়েদ দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছোট ছেলে।
নৌপুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছয় বছরের বড় ভাই বায়েজিদের সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীতে স্রোত ছিল প্রবল। সাঁতার না জানায় একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যায় সে।
বড় ভাই বায়েজিদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে নেমে জুনায়েদকে খুঁজতে শুরু করেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে প্রাথমিক অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।







মন্তব্য করুন