সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে কৃষকদের বসতবাড়ি পুড়ে ছাই

0
10

কাজল চন্দ্র কর, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে কৃষকদের ১০/১২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জামালগঞ্জের রাধানগর গ্রামের বাসিন্দারা জানান, রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১১টার দিকে পশ্চিমপাড়ার কালন মিয়ার টিনশেডের ঘরে আগুন লাগে। পরে একে একে তৈয়বুর রহমান, আতাবুর মিয়া, জাকির হোসেন, আনা মিয়া, আইন উদ্দিন, রুহুল আমিন, বানেছা বেগম ও রিনা বেগমের টিনশেডের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি।

জামালগঞ্জের রাধানগর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক কালন মিয়া বলেন, প্রথম আমার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আমরা প্রত্যেকেই দরিদ্র কৃষি শ্রমিক। দিন আনি দিন খাই। এখন কী করে ঘর তৈরি করব আর কী করে সংসার চালাব বুঝতে পারছি না।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব ও থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত রাধানগর গ্রামে পৌঁছায়। ক্ষতিগ্রস্তদের পারিবারিক চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী ও কম্বল দেওয়া হয়েছে। মঙ্গলবার নতুন ঘর তৈরির জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।