রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৫জন গ্রেফতার মাদক উদ্ধার

0
20

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩জন মাদক কারবারিসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মজিবর রহমানের ছেলে সুজন আলীকে (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছে থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া রাণীনগর বাজার এলাকার আলেপ উদ্দিনের ছেলে মিঠু হোসেনকে (৩২) পশ্চিম বালুভরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। একই দিন সন্ধ্যায় এনায়েতপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আনোয়ার হোসেন ওরফে রনিকে (৩১) চকাদিন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬পিচ বুপ্রেনরফিন (নেশা জাতীয় ইনজেকশন) উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও আদালতের পরোয়ানামূলে উপজেলার চকাদিন উত্তরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে শাহীনুর ইসলাম শামীম ও লক্ষীগোলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ফজলুর হক মিঠুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।#