কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত এবং মাদক থেকে দূরে রাখতে ২০টি ফুটবল উপহার দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) লাম-হা তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহফুজার রহমান লিটনের উদ্যোগে স্থানীয় শিশু-কিশোরদের মাঝে ২০ টি ফুটবল বিতরণ করা হয়।

এ সময় আয়োজকরা বলেন, শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। তাই ঘোগাদহ ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসারে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মোঃ মাহফুজার রহমান লিটন বলেন, “আমাদের সন্তানদের মাদকমুক্ত রাখতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিশু-কিশোরদের জন্য মাঠ ও খেলাধুলার সুযোগ বাড়ানোর মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিশু-কিশোরদের উৎসাহিত করতে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

ফুটবল উপহার পেয়ে স্থানীয় শিশু-কিশোররা আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

স্থানীয়রা মনে করছেন, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।