কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী গ্রামে (সমেশপুর পাড়া) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুরা হলো- পৌরসভার মিশ্রী (সমেশপুর পাড়া) গ্রামের অ্যাডভোকেট মো. শামছুদ্দিনের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা আফসিন সেজাহ্ এবং অ্যাডভোকেট মো. শামছুদ্দিনের বড়ভাই মো. নাসির উদ্দিনের সাড়ে তিন বছর বয়সী ছেলে মো. আবু সুফিয়ান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী, পুলিশ, ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল পাঁচটার দিকে ওই দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমতবস্থায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় তাদের খোঁজ করেন। কিন্তু ওই দুই শিশুর সন্ধান পাচ্ছিলেন না। শিশুদের স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে সন্ধায় মাগরিব নামাজের পর বাড়ির পাশে একটি পুকুরে নেমে তল্লাশী করেন। একপর্যায়ে ওই পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত দুই শিশুকে তাৎক্ষনিকভাবে স্বজনরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, ওই দুই শিশু খেলতে গিয়ে কোনো এক সময় সবার অলক্ষ্যে অসাবধানতাবশত হয়তো পুকুরে পড়ে ডুবে যায়। পরক্ষণে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত দুই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা আফসিন সেজাহ্ এবং মো. আবু সুফিয়ানের জানাযা রাত সাড়ে ১০টায় তাদের বাড়িতে অনুষ্ঠিত হবে এবং মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী রাত সাড়ে নয়টায় মুঠোফোনে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি জানান, আইনী প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।