চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। এতে বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় কোলাগাঁও ইউনিয়নের কাঁচারি পুকুর এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। কোলাগাঁও ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়া তার কন্যাসন্তান ও ভাইদের দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিলেন। কাঁচারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নন্দন বড়ুয়ার সাত বছর বয়সী কন্যাসন্তান নিহত হয়। নন্দন বড়ুয়াসহ মোটরসাইকেলের অন্য দুই আরোহী শিশুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা রুস্তম আলী জানান, কোলাগাঁও ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা নন্দন বড়ুয়া বাড়ি থেকে কোলাগাঁও মুন্সিরহাট যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন কন্যাসন্তান এবং তার ভাই উদয়ন বড়ুয়া ও ছোটন বড়ুয়ার সন্তানরা। পথে কাঁচারি পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপর স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পটিয়া কালারপোল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশুকন্যা নিহত ও নন্দন বড়ুয়াসহ তিনজন আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।







মন্তব্য করুন