
রাজীব প্রধান, শ্রীপুর,(গাজীপুর) প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডে এর সামনে একটি বহুতল ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটে।

ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তার শিশুকন্যা হুমাসা জান্নাত (২) আগুনে দগ্ধ হয়েছে। ঘটনাটি শনিবার সকাল অনুমান ১১টার দিকে ঘটে। তথ্য সূত্রে জানা গেছে ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়ার বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে। স্বামী গোলাম মোস্তফার সাথে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনিয়া। গোলাম মোস্তফা স্থানীয় একটি কারখানায় কর্মরত আছেন।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, বেলা ১১টার দিকে ভবনের পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বিকট শব্দে আগুন লাগে। পরে অবস্থা ভয়াবহ দেখে স্থানীয়দের মাধ্যমে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। পরবর্তিতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুনে পুরে যাওয়া মা ও মেয়েকে চিকিৎসার জন্য স্থানীয় মাওনা চৌরাস্তায় আল- হেরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির জানান,আগুনে মায়ের ৫০ শতাংশ ও শিশুর ৬০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।





