
আরিফুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে চেঙ্গী সেতুর সামনে সংযোগ সড়ক এর পাশে অবৈধ ভাবে জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার বিরুদ্ধে।
স্থানীয় সূত্র থেকে জানা যায় ফারুক হাওলাদার উক্ত জায়গাটি বিগত কয়েক মাস আগে থেকেই দখল করার পায়তারা চালাচ্ছে। এলাকার সচেতন নাগরিকরা এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করার পরে নানিয়ারচর উপজেলা প্রশাসন তাকে অবৈধ জমি দখলে বাঁধা প্রদান করলে গত কয়েক মাস আগে কাজ বন্ধ করে রাখে।
কিন্তু ১৩ই জুন(রবিবার)রাতে তিনি জায়গাটিতে বাড়ি নির্মাণের জন্য আরসিসি পিলার তুলে ফেলে। স্থানীয়রা বিষয়টি দেখলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে স্বপ্নের চেঙ্গী সেতুর সৌন্দর্য্য রক্ষাতেই অচিরেই পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মৃধা বলেন,
এই ফারুক হাওলাদার নানিয়ারচর উপজেলায় বিভিন্ন জায়গায় রাস্তার পাশের জমি দখল করে বিগত দিনে বিক্রয় করেছে। কিন্তু নানিয়ারচর চেঙ্গি সেতুটি হচ্ছে আমাদের স্বপ্নের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। এই সেতুটি দেখতে বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসে, এ সেতুর সামনে অবৈধ ভাবে যায়গা দখল করে বসতবাড়ী নির্মাণে সেতুর সৌন্দর্য্য কে নষ্ট করেছে। যা মেনে নেওয়া যায় না। তাই জননেত্রীর এ উপহারের সৌন্দর্য্য নষ্ট করে এই লোক বসতবাড়ী নির্মাণের তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এই বিষয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি নিশ্চিত করে জানান,ইতিমধ্যেই তিনি ইউএনও, জোন কমান্ডারের কাছে বিষয়টি সুষ্ঠ তদন্ত করার জন্য অভিযোগ করেছেন। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





