বন্ধুর লাথিতে বন্ধুর প্রাণনাশ

0
11

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বন্ধুর দেওয়া লাথির আঘাতে প্রাণ হারিয়েছে আরেক বন্ধু। আজ সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে এই আকস্মিক ঘটনা ঘটে।

নিহত মো. ফরহাদ (২০) ওই গ্রামের মধু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহেল (২১) পলাতক রয়েছেন। তার বাড়ি কুমিল্লায়। তিনি বাঙ্গরা গ্রামে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ফরহাদ তার বন্ধু সোহেলের সঙ্গে যৌথভাবে বাঙ্গরা বাজারে মৌসুমি ফল তরমুজ-বাঙ্গির ব্যবসা শুরু করেন।

সোমবার সকালে ব্যবসার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে ফরহাদের স্পর্শকাতর যায়গায় লাথি মারেন অভিযুক্ত সোহেল। এতে অচেতন হয়ে পড়েন ফরহাদ। পরে উদ্বার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান, ব্যবসায়ের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানতে পেরেছি। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযুক্ত সোহেল পালিয়ে আছে, তাকে গ্রেফতার করার সর্বাত্মক চেষ্টা চলমান।