চট্রগ্রামে বায়েজিদ লিংক রোডে ব্রিজের পাশ থেকে সরে গেছে মাটি

0
17

দেবাশিষ গোলদার,চট্রগ্রাম: ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের একটি ব্রিজের রিটেইনিং ওয়ালের পাশের মাটি সরে গেছে। তবে ব্রিজটি পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে দাবি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মামলার কারণে পাহাড়ের পাদদেশের রিটেইনিং ওয়ালের কাজ করতে না পারায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে ধারণা করা হচ্ছে ধারে কাছে কেউ পাহাড় কাটায় পানির স্রোত ব্রিজের পাশ দিয়ে নামার সময় মাটি সরে যাওয়ার এই ঘটনা ঘটে।

সূত্র বলেছে, ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের মাঝামাঝিতে বেশ বড় একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি নির্মাণের পর পাশ দিয়ে রিটেইনিং ওয়ালের কাজ করার সময় পরিবেশ অধিদপ্তরের মামলার কবলে পড়ে সিডিএ এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে করে করে রিটেইনিং ওয়ালটি অসম্পূর্ণ থেকে যায়। আরো প্রায় দশ ফুটের মতো আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের দরকার ছিল বলে সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামস জানান।

তিনি বলেন, রিটেইনিং ওয়াল না থাকার ফলে উপর থেকে পাহাড়ি পানি নামার সময় মাটি সরে যায়। এতে ব্রিজের কোনো ধরনের ক্ষতির আশংকা নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করার কথা উল্লেখ করে বলেন, আমরা শুধু এই ব্রিজটি নয়, সবগুলো ব্রিজের রিটেইনিং ওয়ালই ঠিকঠাক করার উদ্যোগ নিয়েছি।

আগামী দুয়েকদিনের মধ্যে সরে যাওয়া মাটির স্থানটি ঠিকঠাক করা হবে বলেও কাজী হাসান বিন শামস উল্লেখ করেন।