
ডেস্ক রিপোটঃ নির্বাচন কমিশন গঠনে একজনের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
রিজভী বলেন, সরকার ও আওয়ামী লীগের মনোভাবাপন্ন লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। ফলে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে কী না সেটি নিয়ে জনমনে সংশয় রয়েছে। কারণ এ অনুসন্ধান কমিটি আওয়ামী শাসকগোষ্ঠীর ছায়াসঙ্গী।
তিনি বলেন, এছাড়া নির্বাচন কমিশনের পূর্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অনুসন্ধান কমিটির বাটন ছিল প্রধানমন্ত্রীর হাতে।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রামপাল বিদ্যুৎ কয়লাভিত্তিক প্রকল্পের বিরোধীতা করছে তাদের মানুষের জন্য কোনো দুঃখ নাই। তাদের রয়েল বেঙ্গল টাইগারদের সাথে দেখা করা উচিৎ।
এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা যেভাবে দেশের শীর্ষস্থানীর নেতা, বুদ্ধিজীবী ও পরিবেশবাদীদের সমালোচনা ও গালিগালাজ করছেন, এ বক্তব্য বিশ্বের স্বৈরশাসকদের বক্তব্যেরই প্রতিধ্বনি। প্রধানমন্ত্রী রাশিয়ায় বাঘ সম্মেলনে কী দুনিয়ার তাবৎ বাঘকে নির্মূল করতে গিয়েছিলেন- প্রশ্ন রাখেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন প্রমুখ।



