শিশুদের ছোটবেলা থেকেই সঞ্চয়, দায়িত্বশীল ব্যয় ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে তুলতে পুতুলনাচ বা পাপেট শোর মাধ্যমে দেশের প্রথম আর্থিক সাক্ষরতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে এ উদ্যোগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।

প্রাইম ব্যাংক জানায়, গল্প ও বিনোদনের মাধ্যমে শিশুদের কাছে অর্থ ব্যবস্থাপনার মৌলিক ধারণা সহজভাবে তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চরিত্রনির্ভর ও বয়স উপযোগী গল্পের মাধ্যমে পাপেট শোতে সঞ্চয়, দায়িত্বশীল ব্যয়, অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিং বিষয়ে শিশুদের ধারণা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. ইকবাল মহসীন বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কোনো দয়া বা দাতব্য কার্যক্রম নয়; এটি একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার দায়িত্ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে পাপেট শোর মতো উদ্ভাবনী পদ্ধতিতে আর্থিক সাক্ষরতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে তিনি অনুকরণীয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। পাশাপাশি তিনি প্রাইম ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ও ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগের প্রশংসা করেন।

প্রাইম ব্যাংক জানিয়েছে, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বিকেল ৫টায় ব্যাংকের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে পাপেট শোগুলো প্রচার করা হবে। প্রতিটি পর্বে শিশুদের বয়স ও বোঝার সক্ষমতা অনুযায়ী বিভিন্ন আর্থিক ধারণা সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা হবে। এতে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নিয়ে শেখার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী। তিনি বলেন, অর্থবহ আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম ভিত্তি হলো আর্থিক সাক্ষরতা। শুধু ব্যাংকিং সেবায় প্রবেশাধিকার থাকলেই হবে না, সেসব সেবা সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য প্রয়োজন জ্ঞান, আত্মবিশ্বাস ও দক্ষতা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। এ ছাড়া বক্তব্য দেন এসইভিপি ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নাবিলা খালিদ। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।