
রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রেস বিজ্ঞপ্তি গত ১৯ অক্টোবর ২০২১ইং রোজ মঙ্গলবার বরকল প্রেস ক্লাবের শান্তিময় চাকমাসহ তিন জনকে বহিষ্কার শিরোনামে স্থানীয় “দৈনিক রাঙামাটি” পত্রিকায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, অর্থ সম্পাদক শান্তিময় চাকমা, সদস্য পলাশ চাকমা ও নিরত বরণ চাকমাকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরকল প্রেস ক্লাব থেকে সভাপতি বিহারী চাকমা ও সাধারণ সম্পাদক উছিংচা রাখাইন কায়েস কর্তৃক বহিষ্কার করা হয়েছে। আমরা বরকল প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক যৌথভাবে এই মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সাথে উল্লেখ করতে চাই যে, প্রাক্তন সভাপতি বিহারী চাকমা ও সাধারণ সম্পাদক উচিং ছা রাখাইন কায়েস বরং তারা দু’জনেই দীর্ঘ দিন ধরে বরকল প্রেস ক্লাবের স্বার্থ বিরোধী ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত ছিল। এবং তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা, ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সহিত অসদাচরণের চরম অভিযোগ ছিল। এসকল অভিযোগের আমাদের কাছে যথার্থ প্রমাণাদি রয়েছে। শুধু তাই নয়, তারা দু’জনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অগ্রাহ্য করে সম্পূর্ণ সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে হীন উদ্দেশ্যে নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্য কিছু অপেশাদার সংবাদকর্মী নামধারী ব্যাক্তিদেরকে বরকল প্রেস ক্লাবে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার অপচেষ্টা করেছে। যার কারনে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ তাদের এহেন হীন কার্যকলাপের জন্য পরবর্তীতে প্রেস ক্লাবের একটি সভা আহবান করেছিল। উক্ত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে সাবেক সভাপতি বিহারী চাকমা ও সাধারন সম্পাদক উচিং ছা কায়েসের বিরুদ্ধে লিখিত রেজুলেশনের মাধ্যমে অনাস্থা প্রদান করা হয় এবং ঐ সভায় তৎকালীন অর্থ সম্পাদক শান্তিময় চাকমাকে আহবায়ক করে অত্র প্রেসক্লাবের পরবর্তী সম্মেলন পরিচালনা করার জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই এডহক কমিটির মাধ্যমে বরকল প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ঐ সম্মেলনে সিনিয়র সাংবাদিক শান্তিময় চাকমাকে সভাপতি, মো: আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও পলাশ চাকমাকে অর্থ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে নিরত বরণ চাকমাকে সহ-সভাপতি, রিফতী রহমান রিতু ও লক্ষীময় চাকমাকে নির্বাহী সদস্য করা হয়। সম্মেলনে উছিংচা রাখাইন কায়েস ও বিহারী চাকমাকে বিভিন্ন অনৈতিক কারনে সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যার ফলে পরবর্তীতে বিহারী ও কায়েস দ্বারা উক্ত তিন জনকে বহিষ্কার করা প্রশ্নই উঠেনা এবং এই বহিষ্কার সম্পূর্ণ অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক ও হাস্যকর। তাই এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিহারী ও কায়েসকে বরকল প্রেস ক্লাব তথা এর সদস্যদের বিরুদ্ধে সকল ধরণের মিথ্যা রটনা ও ষড়যন্ত্র মূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তারা যদি পরবর্তীতে আবারও এধরণের হীন কর্মকান্ড ও ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে বরকল প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।





