কঠোর লকডাউন দেখতে বেরিয়ে গ্রেপ্তার কয়েকশ

0
19

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগে ১৬৪ জন, মিরপুর বিভাগ ১০০ জন, উত্তরা বিভাগ ৪১ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এর মধ্যে তেজগাঁও থানা ৩০ জন, শিল্পাঞ্চল থানা ৮ জন, মোহাম্মদপুর ২৬ জন, আদাবর থানা ১৮ জন, শেরে বাংলা নগর থানা ৪০ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৪২ জন গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে দুপুর পর্যন্ত শতাধিক জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশত যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে যুবকের মৃত্যু

অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় ডিএমপির উত্তরা বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে জরিমানা করা হয়েছে। বাকিদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদ জানান, সকালে রমনা থানার সুগন্ধা মোড় থেকে দুজন এবং শাহবাগ মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রয়োজনে বের হওয়ায় রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।