চট্টগ্রাম নগরীর খুলশি এলাকায় স্কুল থেকে ফেরার পথে নিজ বাসার সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এক ছাত্রী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের সন্তানের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন শিশুটির বাবা পুলিশ কর্মকর্তা আনসারুল করিম।
তিনি বলেন, সরকারি চাকরি করে নিজের অবুঝ সন্তানদের নিরাপত্তা যেখানে আমরা নিশ্চিত করতে পারি না, সেখানে আমরা কীভাবে অন্যের নিরাপত্তা নিশ্চিত করব, এটাই আমার প্রশ্ন।
আনসারুল করিম চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে তিনি জানান, তার মেয়ে নাওয়াল আনসারী চট্টগ্রাম নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে তিনি নিজেই মেয়েকে স্কুলে পৌঁছে দেন।
ক্লাস শেষে বেলা সাড়ে ১টার দিকে ট্যাক্সিতে করে বাসার প্রধান ফটকের সামনে পৌঁছায় নাওয়াল। গাড়ি থেকে নামার সময় একটি বিদ্যুৎচালিত অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ করেন আনসারুল করিম।
তার ভাষ্যমতে, ধাক্কায় নাওয়াল ছিটকে সড়কে পড়ে যায়। এতে তার দুই হাত, মাথা, ঠোঁট, মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাত লাগে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে চিকিৎসার জন্য রয়েল হাসপাতাল ও মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়।
ফেসবুক পোস্টে আহত মেয়ের একাধিক ছবিও যুক্ত করেন আনসারুল করিম। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশ নামক এই পুরো দেশটাই কি তাহলে অবৈধ অটোরিকশা চালকদের কাছেই জিম্মি হয়ে থাকবে?’
প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা, সে প্রশ্নও তোলেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, তার শিশু সন্তান কোনো অপরাধ করেনি। নিজের বাসার সামনেও যদি একটি শিশু নিরাপদ না থাকে, তাহলে অন্য কোথাও তার নিরাপত্তা নিশ্চিত, এমনটা ভাবার সুযোগ নেই।
মঙ্গলবার বিকেলে দেয়া আরেকটি পোস্টে আনসারুল করিম মেয়ের পাঁচ মাস আগের একটি ছবি, দুর্ঘটনার পরের ছবি এবং বর্তমান সময়ের ছবি দিয়ে সেগুলোর পার্থক্য দেখার অনুরোধ করেন।
তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের অবুঝ সন্তানদের চেহারা থেকে শুরু করে শারীরিকভাবে বিকৃত করে দেয়ার লিজ নিয়েই কি এই অবৈধ অটোরিকশাগুলো রাস্তায় নামানো হয়েছে?’
পুলিশ কর্মকর্তা তার মেয়ের দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই সঙ্গে সড়কে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।