
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মার্চের শেষ সপ্তাহে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় টানা তিনদিন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনায় নতুন করে আরও ৩৯ জন হেফাজত কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৩এপ্রিল (মঙ্গলবার) বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৫৪ মামলায় ২৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের ১৬ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, আজ (বৃহস্পতিবার) পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে নতুন করে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চে তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫১ টি মামলা হয়েছে।
এসব মামলায় ২৮৮ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। সহিংসতার ঘটনায় পুলিশ স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও বিশেষ সূত্রে পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।





