
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে এক আইনজীবীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাত দুইটার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আলমগীর হোসেন এবং তার দুই সহযোগী আসাদুজ্জামান সবুজ ও মোস্তাক হোসেন।জানা যায়, আলমগীর হোসেন শহরের প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে। সে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী পিপির দায়িত্বও পালন করেছিল বলে জানায় পুলিশ। অপর আসামি আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে।
পুলিশ জানায় রোববার রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গেইটের কাছ থেকে মাদক গ্রহণ করা অবস্থায় এদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এদের মধ্যে সবুজ পেশাদার মাদকসেবী।তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।এদিকে আলমগীর নিজেকে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী দাবি করেছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান,গভীর রাতে হিরোইন সেবন করার সময় তিনজনকে আটক করা হয়েছে। আলমগীর নামের একজন নিজেকে আইনজীবী দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’





